সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:১১ পিএম
মালয়েশিয়ায় এক রাতের অভিযানে ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটিতে বিদেশি কর্মীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটক করতে নিয়মিত চলছে অভিযান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে এই সমন্বিত অভিযানটি পরিচালনা করা হয়। সেলঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, বিগত চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়েছিল। অভিযানে মোট ১ হাজার ১৩২ জনের পরিচয়পত্র যাচাই করা হয়, যার মধ্যে ৮৯৮ জনের বৈধ কাগজপত্র ছিল না।
আটককৃতদের মধ্যে ১৫০ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়াও ৬৪৩ জন ইন্দোনেশীয়, ৩৫ জন পাকিস্তানি, ৩৬ জন মিয়ানমারের নাগরিক, ২৪ জন নেপালি এবং ১০ জন ভারতীয়কে আটক করা হয়েছে। আটককৃতদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে বলে জানা গেছে।
ইমিগ্রেশন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাধারণ জনগণের পাশাপাশি নিয়োগকর্তাদেরও অবৈধ অভিবাসী কর্মীদের আশ্রয় না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। তিনি জানান, যারা দেশের আইন লঙ্ঘন করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন