ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:৩০ পিএম
পবিত্র রমজান মাস শুরু হতে আর কত দিন বাকি, সেই সম্ভাব্য সময়কাল জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) তথ্য অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) বিশ্বের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর রজব মাস শুরু হওয়া মানেই হলো রমজানের আগাম পদধ্বনি।
শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ ইসলামি দেশে আজ রজব মাসের চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা আছে।
যদি রবিবার (২১ ডিসেম্বর) থেকে রজব মাস শুরু হয়, তবে রজব ও শাবান মাস মিলিয়ে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ, আগামী ২০ ফেব্রুয়ারি বা এর আশেপাশের সময়ে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। তবে সবকিছুই নির্ভর করবে শাবান মাসের শেষে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ওপর।আইএসির পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানান, শনিবার স্থানীয় সময় ভোর ১টা ৪৩ মিনিটে চাঁদের কেন্দ্রীয় সংযোগ ঘটবে। তবে সূর্যাস্তের সময় আবুধাবি, রিয়াদ, কায়রো বা আম্মানের মতো আরব শহরগুলোতে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। ওদেইর মতে, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অংশে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে।
উন্নত ইমেজিং প্রযুক্তি ব্যবহার করলে অনেক দেশেই চাঁদ শনাক্ত করা সম্ভব হলেও অনেক ধর্মীয় কর্তৃপক্ষ তা গ্রহণ করতে চায় না।রজব হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস এবং ইসলামের চারটি পবিত্র মাসের একটি। ইসলামি সংস্কৃতিতে রজব মাস থেকেই রমজানের আধ্যাত্মিক প্রস্তুতি শুরু হয়। মহানবী (সা.) এই মাস থেকেই রমজানের বরকত লাভের জন্য দোয়া করতেন।উল্লেখ্য, জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস থাকলেও প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি বা ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার প্রতিবেদন যাচাই করেই রজব বা রমজান মাসের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে থাকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন