ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:২২ পিএম
ইসলামের বহু ইবাদত চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। বিশেষত রোজা, হজ ও দুই ঈদের সময় নির্ধারণ হিজরি চান্দ্র মাসের ওপর নির্ভরশীল। তাই মুসলমানদের জন্য হিজরি ক্যালেন্ডারের হিসাব রাখা, মাসের শুরুতে নতুন চাঁদ উঠেছে কি-না দেখা, খবর রাখা গুরুত্বপূর্ণ।রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন পূর্ণ করো। (সহিহ মুসলিম, হাদিস : ১০৮১)
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, লোকেরা রমজানের চাঁদ অনুসন্ধান করছিল, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জানালাম, আমি চাঁদ দেখেছি। তিনি রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দিলেন। (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৪২)
আল্লাহর রাসুল (সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে চাঁদ দেখতেন এবং অন্যদেরও চাঁদ দেখতে উৎসাহিত করতেন। সাধারণ মুসলমানদের জন্য চাঁদ দেখা মুস্তাহাব, কিছু মানুষের জন্য চাঁদ দেখা ও হিসাব রাখা ফরজে কেফায়া।
নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নতুন চাঁদ দেখে দোয়া পড়তেন। শাবান, রমজান, শাওয়ালসহ আরবি যে কোনো মাসের নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়া সুন্নত।
ঈদের চাঁদ দেখলে যে দোয়া পড়বেন
তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) বলেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে বলতেন,
اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ
উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু
অর্থ: হে আল্লাহ! এ নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ। (সুনানে তিরমিজি: ৩৪৫১)
সুনানে দারেমিতে ইবনে ওমর (রা.) থেকে দোয়াটি এভাবেও বর্ণিত হয়েছে,
اللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ
উচ্চারণ: আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান; ওয়াস সালামাতি ওয়াল ইসলাম; ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারযা। রাব্বানা ওয়া রব্বুকাল্লাহ।
অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের করার তাওফিক দাও। (হে চাঁদ) আমাদের ও তোমার রব এক আল্লাহ। (সুনানে দারেমি: ১৭২৪)

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন