রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে সালে রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ০৮:২৬ পিএম

যে সালে রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি

বিরল মহাজাগতিক ক্ষণ

ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে আগামী ২০৩০ সালে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ দুবার পবিত্র রমজান মাস পালন করবেন এবং সে বছর মোট রোজা রাখতে হবে ৩৬টি। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি এবং সৌদি আরবের কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ এই বিরল তথ্য সামনে এনেছেন। 

জ্যোতির্বিজ্ঞানীদের মতে ইংরেজি বর্ষপঞ্জি ও চন্দ্র বছরের মাসগুলোর দিনের পার্থক্যের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হবে। এটি কোনো অলৌকিক বিষয় নয় বরং দুই ক্যালেন্ডারের গাণিতিক পার্থক্যের স্বাভাবিক ফলাফল।

সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে কিন্তু চন্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। এই কারণে প্রতি বছর ইংরেজি বছরের তুলনায় হিজরি বছর বা চন্দ্র বছর প্রায় ১১ দিন এগিয়ে যায়। এভাবেই সময়ের ব্যবধান কমতে কমতে এক পর্যায়ে একই ইংরেজি বছরে দুবার রমজান মাস পড়ার সম্ভাবনা তৈরি হয়। 

গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী ২০৩০ সালের ৫ জানুয়ারি ১৪৫১ হিজরির রমজান মাস শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে তা শেষ হবে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর থেকে ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।হিসাব অনুযায়ী ২০৩০ সালের শুরুতে ৩০টি রোজা এবং বছরের শেষে ৬টি রোজা মিলিয়ে মোট ৩৬টি রোজা পালন করতে হবে। 

এছাড়া ২০৩৩ সালেও একই পদ্ধতিতে দুবার রমজান মাস এবং তিনটি ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। ক্যালেন্ডারের এই আবর্তন অনুযায়ী ২০৩০ সালের প্রথম রমজানের ঈদুল ফিতর ওই বছরই অনুষ্ঠিত হবে তবে দ্বিতীয় রমজানের ঈদটি হবে ২০৩১ সালের শুরুতে। হিজরি সনের এই আবর্তন প্রতি ৩৩ বছর অন্তর একইভাবে ফিরে আসে বলে ইসলামিক পঞ্জিকা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন। এর আগে ১৯৯৭ সালেও একইভাবে দুবার রমজান মাস পালিত হয়েছিল।