মে ১৫, ২০২৬, ০৮:১৯ পিএম
সৌদি আরবের সুপ্রিম কোর্ট পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। আজ শুক্রবার (১৫ মে) দেশটির সর্বোচ্চ আদালত থেকে এই নির্দেশনা জারি করা হয়।গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী আগামী রোববার (১৭ মে) ইসলামি বিশ্বের বিভিন্ন দেশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির তথ্যমতে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের সহায়তায় চাঁদ দেখা যেতে পারে। তবে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ উল্লেখ করেছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হওয়ার সম্ভাবনা আছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতও ১৭ মে চাঁদ দেখার সম্ভাবনার কথা জানিয়েছিল। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, জাতীয় মানমন্দির ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর আধুনিক প্রযুক্তির সহায়তায় চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সেই ধারাবাহিকতায় দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরই ঈদের চূড়ান্ত তারিখ নিশ্চিত হওয়া যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন