রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আলো ছড়িয়েছেন বাংলাদেশের চার আর্চার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৪:৫৭ পিএম

আলো ছড়িয়েছেন বাংলাদেশের চার আর্চার

তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ মহিলা এককে সোমবার (১০ নভেম্বর) সকালের সেশনে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের চার আর্চারই। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন তারা সবাই, যা বাংলাদেশের জন্য এই ইভেন্টে এক বড় সাফল্য।

বাংলাদেশের আর্চারদের মধ্যে সোনালী রায় কঠিন লড়াইয়ে ৬-৫ সেট পয়েন্টে কাজাখস্তানের দিয়ানা তুরসুনবেককে পরাজিত করেন। সীমা আক্তার শিমু কাজাখস্তানের ইয়েলিজাভেতা আভদিয়েভাকে হারান ৬-৪ ব্যবধানে। অন্যদিকে, ইতি খাতুন ৬-৪ সেট পয়েন্টে মালয়েশিয়ার মাশাইখ সায়েকিয়েরার বিপক্ষে এবং মনিরা আক্তার।

৭-৩ সেট পয়েন্টে চীনের কাই উফেংকে হারিয়ে পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন।আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) ১/১৬-এর লড়াইয়ে সোনালী রায় দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহির, সীমা আক্তার শিমু ভারতের অঙ্কিতা ভাকাতের, ইতি খাতুন ভারতের অংশিকা কুমারির এবং মনিরা আক্তার মালয়েশিয়ার মোহামাদ জাইরি আরিয়ানা নুর দিয়ানার মুখোমুখি হবেন।

এই সাফল্যের ধারাবাহিকতায় থাকার লক্ষ্য নিয়ে আর্চার ইতি খাতুন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সবাই ভালো করেছে, সবার মধ্যেই আত্মবিশ্বাস ছিল ভালো করার। আমরা কেউ কোনো চাপ নেইনি। নিজেদের মাঠে খেলা। ফেডারেশনের পক্ষ থেকেও আমাদের কোনো চাপ দেওয়া হয়নি পদকের জন্য। আমরা খেলা উপভোগ করতে চেয়েছি। সামনের রাউন্ডগুলোতে এই সাফল্যের ধারায় থাকতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।

এদিকে, রিকার্ভ পুরুষ এককেও বাংলাদেশের জন্য সুখবর এসেছে। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া রাকিব মিয়া চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে ১/১৬-তে উত্তীর্ণ হয়েছেন। সেখানে তাঁর প্রতিপক্ষ ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে। বাংলাদেশের আর্চারদের এই পারফরম্যান্স দেশের খেলাধুলা জগতে নতুন আশার সঞ্চার করেছে। নিজেদের মাঠে আন্তর্জাতিক মঞ্চে এই জয়গুলো দেশের ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।