নভেম্বর ১০, ২০২৫, ০৬:৪৫ পিএম
লেস্টার সিটির ইংলিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী অবশেষে ঢাকায় পৌঁছেছেন। নিজের শিকড়ের মাটিতে— এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে সোমবার বিকেলে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন।
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে তিনি লাল-সবুজ জার্সিতে মাঠে নামবেন।
তবে তাঁর আগমন ঘিরে কিছুটা নাটকীয়তা ছিল। বাফুফের পক্ষ থেকে নির্ধারিত ফ্লাইটে দুপুরে আসার কথা থাকলেও ইংল্যান্ডে অতিরিক্ত যানজটের কারণে তিনি সেই ফ্লাইট মিস করেন।
পরবর্তীতে নিজ উদ্যোগেই নতুন টিকিট করে বিকেল পাঁচটার পর ঢাকায় হাজির হন এই তারকা ফুটবলার। বিমানবন্দর থেকে নেমেই তিনি সরাসরি টিম হোটেলের পথে রওনা হন।জাতীয় দলের ম্যানেজার নিশ্চিত করেছেন, সোমবার জাতীয় দলের কোনো অনুশীলন সেশন ছিল না। তাই মঙ্গলবার থেকে কিংস অ্যারেনায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হামজা দেওয়ান চৌধুরী। একই দিনে রাতে কানাডা থেকে এসে দলে যোগ দেওয়ার কথা রয়েছে আরেক প্রবাসী ডিফেন্ডার সামিত সোমের।
এদিকে, বাংলাদেশ ফুটবল দল ইতোমধ্যে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধীনে বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রস্তুতি শুরু করেছে। যদিও নেপাল দল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে, তবে তাদের প্রস্তুতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। দেশটির ফুটবলাররা এখনো ঘরোয়া লিগ নিয়ে আন্দোলনে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, ১৮ নভেম্বরের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে শক্তিশালী ভারত দল ঢাকায় আসবে ১৫ নভেম্বর।
কোচ হাভিয়ের কাবরেরা আশাবাদী, হামজার অভিজ্ঞতা এবং মাঝমাঠে তাঁর রক্ষণাত্মক নেতৃত্ব দলের খেলায় বাড়তি স্থিতি এনে দেবে। হামজা এর আগে বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন এবং একটি গোলে সহায়তা করেছেন। তাঁর উপস্থিতি ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে জাতীয় দলের মনোবল বাড়াতে সহায়ক হবে।অন্যদিকে, এই মর্যাদার ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। বাংলাদেশ-ভারত ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট বিক্রি শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে, যা এই দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের তীব্রতা প্রমাণ করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন