বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

মুশফিককে টপকে টেস্ট স্টাম্পিংয়ে শীর্ষে এখন লিটন দাস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৬:২৮ পিএম

মুশফিককে টপকে টেস্ট স্টাম্পিংয়ে শীর্ষে এখন লিটন দাস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে এক নতুন ইতিহাসের জন্ম দিলেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। তিনি সতীর্থ মুশফিকুর রহিমের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক স্টাম্পিংয়ের একক মালিক হলেন।

মঙ্গলবার হাসান মুরাদের বলে আইরিশ ব্যাটার লোরকান টাকারকে স্টাম্পড করার মধ্য দিয়ে এই অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি। এর কিছুক্ষণ পরেই মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে নিজের রেকর্ডকে আরও এক ধাপ এগিয়ে নেন লিটন।

এর আগে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে স্বাগতিক ওপেনার লাহিরু উদারাকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের ১৫টি স্টাম্পিংয়ের রেকর্ড স্পর্শ করেছিলেন লিটন।

আজ সিলেটে ১৬তম ও ১৭তম স্টাম্পিংয়ের মাধ্যমে তিনি এককভাবে এই তালিকার শীর্ষে উঠে এলেন। উইকেটের পেছনে লিটনের এই ক্ষিপ্রতা ও ধারাবাহিকতা বাংলাদেশের ফিল্ডিং বিভাগে নতুন আস্থার সঞ্চার করেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।তবে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের পক্ষে স্টাম্পিংয়ের রেকর্ডে এখনো সবার ওপরে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট স্টাম্পিং সংখ্যা ১০১টি, যা বিশ্ব ক্রিকেটে তাকে চতুর্থ স্থানে রেখেছে। এই তালিকার শীর্ষে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি, যার স্টাম্পিং সংখ্যা ১৯৫। বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে মুশফিকের পরেই আছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, যার স্টাম্পিং সংখ্যা ৪৪টি। অন্যদিকে তিন সংস্করণ মিলিয়ে ৩৪টি স্টাম্পিং নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন লিটন দাস।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবশ্য সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের বিশ্বরেকর্ডটি অস্ট্রেলিয়ার বার্ট ওল্ডফিল্ডের দখলে। ১৯২০ থেকে ১৯৩৭ সালের মধ্যে ৫৪ টেস্টে ৫২ বার ব্যাটারদের স্টাম্পড করেছেন তিনি। লিটন দাস যেভাবে এগোচ্ছেন, তাতে ভবিষ্যতে তিনি দেশের হয়ে আরও নতুন নতুন রেকর্ড গড়বেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে লিটনের গ্লাভস জোড়া ছিল দুর্দান্ত এবং তার এই অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক।