বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

মেসির চেয়ে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি রোনালদোর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৯:৫১ এএম

মেসির চেয়ে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি রোনালদোর

ফুটবল বিশ্বে বয়স যে শুধুই একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করে চলেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকর মেসি এবং ৪০ পেরোনো পর্তুগিজ মেগাস্টার রোনালদো—উভয়েই ইঙ্গিত দিয়েছেন ২০২৬ বিশ্বকাপে খেলার।

তবে আগামী বিশ্বকাপে কার হাতে উঠতে পারে সোনালি ট্রফি? এই প্রশ্নের উত্তরে নেদারল্যান্ডসের সাবেক তারকা মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার বাজি ধরেছেন রোনালদোর ওপর।

২০১০ বিশ্বকাপ খেলা ডাচ তারকা স্নেইডারের মতে, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মেসির চেয়ে রোনালদোরই বেশি।

এর কারণ হিসেবে তিনি পর্তুগাল দলের শক্তি ও গভীরতাকে এগিয়ে রাখছেন। স্নেইডার বলেন, “এটা বলা খুব কঠিন। তবে পর্তুগালের দলটা খুব শক্তিশালী। আমার কাছে তারা অন্যতম ফেভারিট। সে কারণে আমি বলব, লিওনেল মেসির তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি।

আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপ জয় নিয়েও মন্তব্য করেছেন এই সাবেক মিডফিল্ডার। তার মতে, আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ে ভাগ্যেরও কিছুটা সহায়তা ছিল। তিনি বলেন, “কাতারে দারুণ বিশ্বকাপ কাটিয়েছে আর্জেন্টিনা। তবে তারা একটু ভাগ্যবানও ছিল। সব মিলিয়ে আমার মতে পর্তুগাল শ্রেয়তর দল।”

এদিকে, বর্তমান সময়ে খেলা চালিয়ে গেলে স্নেইডার কোথায় খেলতেন—মেসির মতো যুক্তরাষ্ট্রের এমএলএসে, নাকি রোনালদোর মতো সৌদি প্রো লিগে? এমন প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রকেই বেছে নেন। কারণ হিসেবে তিনি জানান, তার ছেলে লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন। তাই পরিবারের কাছাকাছি থাকতে তিনি এমএলএস-এর কোনো দল, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি বা লস অ্যাঞ্জেলেস এফসি-কে বেছে নিতেন।