বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আইপিএল নিলামের তারিখ ও ভেন্যু ঘোষণা, জানুন বিস্তারিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ১০:১৬ এএম

আইপিএল নিলামের তারিখ ও ভেন্যু ঘোষণা, জানুন বিস্তারিত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের আসন্ন আসরকে ঘিরে দর্শকদের আগ্রহের শেষ নেই। সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করে এবার টুর্নামেন্টের নিলামের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই জানিয়েছে যে টানা তৃতীয়বারের মতো আইপিএলের নিলাম ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের নিলামের ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিকে বেছে নেওয়া হয়েছে এবং আগামী ১৬ ডিসেম্বর এই মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে গত দুই আসরের নিলাম যথাক্রমে দুবাই ও সৌদি আরবের জেদ্দায় আয়োজন করা হয়েছিল।

নিলামের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর তোড়জোড় শুরু হয়ে গেছে। আগামী ১৫ নভেম্বর বিকেল ৩টার মধ্যে অংশগ্রহণকারী দশটি দলকে তাদের রিটেইন করা বা ধরে রাখা খেলোয়াড়দের তালিকা বোর্ডের কাছে জমা দিতে বলা হয়েছে। এই তালিকা হাতে পাওয়ার পর বিসিসিআই দলগুলোকে চূড়ান্ত তালিকা পাঠাবে যার ওপর ভিত্তি করে নিলামের কৌশল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী মৌসুমের আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই নিজেদের সেরা দল গঠন করতে মরিয়া হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

এদিকে নিলামের আগেই দলবদলের বাজারে বেশ কিছু বড় পরিবর্তনের খবর শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে যে রাজস্থান রয়্যালসের দীর্ঘদিনের অধিনায়ক সঞ্জু স্যামসন এবার দল পরিবর্তন করে চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন। এর বিনিময়ে চেন্নাই থেকে তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেন রাজস্থানে পাড়ি জমাতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এমন অদলবদল আইপিএলের ইতিহাসে বেশ বিরল ঘটনা।

এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স ইতোমধ্যেই তাদের দল গোছাতে শুরু করেছে। তারা লখনৌ সুপার জায়ান্টস থেকে পেসার শার্দূল ঠাকুর এবং গুজরাট টাইটান্স থেকে শারফেন রাদারফোর্ডকে দলে ভিিয়েছে। অন্যদিকে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার মুম্বাই ছেড়ে লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। সব মিলিয়ে আবুধাবিতে অনুষ্ঠিতব্য ১৬ ডিসেম্বরের নিলাম এবং আসন্ন আসরকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে এখন থেকেই টান টান উত্তেজনা বিরাজ করছে।