রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ১০:১৮ এএম

টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও অদম্য মানসিকতার পরিচয় দিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। শুক্রবার অনুষ্ঠিত বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাকি ৮০ মিনিট দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষ পর্যন্ত টাইব্রেকার লটারিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর ১৪ শটের এক শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল। এই জয়ের ফলে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে ব্রাজিলিয়ানদের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে শক্তিশালী ফ্রান্স।

রাউন্ড অব ৩২-এর এই অল কনমেবল লড়াইয়ের মাত্র দশম মিনিটেই বড় বিপদে পড়ে ব্রাজিল।

লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার ভিতোর হুগোকে। তবে একজন খেলোয়াড় কম নিয়েও প্রথমার্ধের বেশিরভাগ সময় মাঠের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের কাছেই এবং তারা বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল। বিরতির পর অবশ্য প্যারাগুয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং আক্রমণের ধার বাড়িয়ে দেয়। এ সময় তাদের একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে অল্পের জন্য গোলবঞ্চিত হয় দলটি। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবেই শেষ হয় এবং ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের শুরুতেও ছিল চরম নাটকীয়তা যেখানে প্রথম পাঁচটি শটে দুই দলের স্কোর ৪-৪ সমতায় থাকে। এরপর শুরু হয় সাডেন ডেথের স্নায়ুক্ষয়ী লড়াই। ঠিক সেই মুহূর্তে ব্রাজিলের ত্রাতা হয়ে আবির্ভূত হন গোলরক্ষক জোয়াও পেদ্রো। প্রতিপক্ষের পরপর দুটি শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দিয়ে তিনি দলকে জয়ের পথ দেখান। এরপর লুইস পাচেকো তার শট থেকে গোল করলেই বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে পুরো ব্রাজিল শিবির।

এদিকে দিনের অন্য ম্যাচগুলোতেও ছিল বেশ উত্তেজনা। আর্জেন্টিনাকে হারিয়ে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে মরক্কো পরের রাউন্ডে গেছে। এছাড়া কানাডাকে রিপাবলিক অব আয়ারল্যান্ড, জাম্বিয়াকে মালি, বেলজিয়ামকে পর্তুগাল এবং কলম্বিয়াকে হারিয়ে ফ্রান্স শেষ ষোলো নিশ্চিত করেছে।