নভেম্বর ১৬, ২০২৫, ১০:৫১ এএম
বিশ্বের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সম্প্রচার প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে উত্তর কোরিয়ায়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সূত্রে জানা গেছে, কিম জং উনের দেশ এই লিগ সম্প্রচারের অনুমতি দিলেও তাতে জুড়ে দিয়েছে একাধিক অদ্ভুত ও কঠোর শর্ত।
এসব শর্তের কারণে ম্যাচগুলো স্থানীয় দর্শকদের কাছে পৌঁছানোর আগে ব্যাপকভাবে কাঁটছাঁট করা হবে।শাসকগোষ্ঠী এই অদ্ভুত পাঁচটি শর্ত জুড়ে দিয়েছে।
প্রথম ও প্রধান শর্ত হলো কোনো ম্যাচই সরাসরি বা লাইভ দেখানো যাবে না; অর্থাৎ উত্তর কোরিয়ার দর্শকরা ফুটবলের লাইভ অ্যাকশন উপভোগ করার সুযোগ পাবেন না।
দ্বিতীয়ত, প্রতিটি ৯০ মিনিটের ম্যাচ ব্যাপক কাটছাঁট করে মাত্র ৬০ মিনিটে নামিয়ে আনা হবে। তাদের মতে, এর মাধ্যমে খেলার অপ্রয়োজনীয় ও অনুচিত দৃশ্যগুলো বাদ দেওয়া সম্ভব হবে। তৃতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হলো, দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের সম্পৃক্ত কোনো দৃশ্য পুরোপুরি সরিয়ে ফেলা হবে। এর ফলস্বরূপ উত্তর কোরিয়ার দর্শকরা ব্রেন্টফোর্ডের কিম জি-সু কিংবা উলভসের হোয়াং হি-চ্যানের মতো দক্ষিণ কোরীয় ফুটবলারদের মাঠের নৈপুন্য দেখতে পাওয়া থেকে বঞ্চিত হবেন।
এছাড়াও সম্প্রচারিত দৃশ্যের ভেতর স্টেডিয়াম, বিজ্ঞাপন বোর্ড, স্কোর গ্রাফিক্স কিংবা ব্যানার থেকে বাদ দিতে হবে সকল ইংরেজি শব্দ। বিশেষ এক গ্রাফিক্স ব্যবহার করে সকল ইংরেজি শব্দের জায়গায় ব্যবহার করতে হবে উত্তর কোরিয়ার নিজস্ব ভাষা। এমনকি এলজিবিটিকিউ প্রতীক দেখানো যেকোনো দৃশ্যও ছেঁটে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অদ্ভুত শর্ত মেনে নিয়েই কিম জং উনের দেশ উত্তর কোরিয়া ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচার করার ঘোষণা দিয়েছে। আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই দেশটির মানুষ ফুটবলের এই রোমাঞ্চকর লিগ উপভোগ করতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন