নভেম্বর ২১, ২০২৫, ০৪:৩৯ পিএম
আগামী ২৭ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) মেগা নিলাম। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের নিলামের জন্য বিশ্বের নামিদামি নারী ক্রিকেটারদের সঙ্গে নিজেদের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।
বিশ্বের সেরা ক্রিকেটাররাই কেবল আইপিএলের এই সংস্করণে সুযোগ পেয়ে থাকেন, ফলে এই তিন ক্রিকেটারের নিবন্ধন বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য এক দারুণ সম্ভাবনা তৈরি করেছে।
এই তিন ক্রিকেটারের মধ্যে অন্যতম আকর্ষণ হলেন পেসার মারুফা আক্তার, যিনি সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে আলোচনায় এসেছিলেন।
বাংলাদেশের প্রথম ম্যাচেই তার দুটি দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে পাকিস্তানের ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিন আউট হয়েছিলেন। বিশেষ করে ওমাইমাকে বোল্ড করার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয় এবং শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও তার সহজাত ইনসুইং ডেলিভারির জন্য মারুফার ভূয়সী প্রশংসা করেছিলেন।মারুফার পাশাপাশি এই নিলামে নাম দিয়েছেন দুই অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।
বিশ্বকাপ চলাকালীন স্বর্ণা আক্তার ৭ ম্যাচে ব্যাটিংয়ে ১১৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ৬ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, রাবেয়া খান ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৭ রান করেছিলেন।
বাংলাদেশের এই তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি। তবে দল পাওয়া নিয়ে তাদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। আইপিএলের মেগা নিলামের জন্য মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে ৮৩ জন বিদেশি ক্রিকেটার। নিয়ম অনুযায়ী, এই ৮৩ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে মাত্র ২৩ জন মেগা নিলাম থেকে দল পাওয়ার সুযোগ পাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন