নভেম্বর ২৩, ২০২৫, ১০:১৯ এএম
দীর্ঘ আড়াই বছর পর নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। আর সেই প্রত্যাবর্তন উপলক্ষ্যে যেন গোল উৎসবে মেতে উঠল কাতালান ক্লাবটি। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ঘরে ফেরাটা স্মরণীয় করে রাখলেন ইয়ামালরা।
এই রাজকীয় জয়ের সুবাদে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সা।যদিও ক্যাম্প ন্যুর বিশাল গ্যালারি এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তাই ধারণক্ষমতার অর্ধেকেরও কম, প্রায় ৪৫ হাজার দর্শক আজ মাঠে ঢোকার সুযোগ পেয়েছেন।
জানা গেছে, আগামী মৌসুমে পুরো গ্যালারি উন্মুক্ত হলে নবরূপে সাজানো এই স্টেডিয়াম প্রায় ১ লাখ ৫ হাজার দর্শক ধারণ করতে পারবে।
ঝলমলে আতশবাজির আলোয় শুরু হওয়া ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। খেলার শুরুতেই, চতুর্থ মিনিটেই দারুণ এক গোলে দলকে লিড এনে দেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন ফেরমিন লোপেজ।
ম্যাচের ৫৪ মিনিটে বিলবাও মিডফিল্ডার সানচেত ফেরমিনকে ফাউল করে লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় সফরকারীরা। সেই সুযোগ কাজে লাগিয়েই নির্ধারিত ৯০ মিনিটে ফেরান তোরেস নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে রাজকীয়ভাবে ঘরে ফেরাটা উদযাপন করে।
এই জয়ে অন্তত এক দিনের জন্য হলেও লা লিগার শীর্ষে উঠেছে বার্সা। ১৩ ম্যাচে ১০ জয় নিয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৩১। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। আগামীকাল এলচের বিপক্ষে হার এড়াতে পারলেই ফের শীর্ষে উঠবে রিয়াল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন