রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৯:৪০ এএম

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল ব্রাজিলের। সেমিফাইনালে এক শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল পাঁচবারের শিরোপা প্রত্যাশী সেলেসাওদের।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়, যেখানে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে নেয়। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে সেমিফাইনালে বিদায় নিল ব্রাজিল।

সোমবার (২৪ নভেম্বর) রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই ইউরোপীয় ও লাতিন আমেরিকার পরাশক্তি।

পঞ্চমবারের মতো শিরোপা স্পর্শ করার পথে এগিয়ে যেতে মরিয়া ছিল ব্রাজিল, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য তাদের সহায় হলো না।ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের চেষ্টা চালিয়ে যায়। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নিয়েছিল। তবে দুই দলের কেউই জালের ঠিকানা খুঁজে নিতে পারেনি। বিরতির পরও একাধিক সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু গোলের দেখা মেলেনি। পুরো ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর রেফারি খেলা পেনাল্টি শুটআউটে নেওয়ার ঘোষণা দেন।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে উভয় দলই দারুণ নির্ভুলতা দেখিয়েছিল। এরপর খেলা গড়ায় ‘সাডেন ডেথ’-এ। এই পর্বে পর্তুগালের হয়ে শট নিতে আসা হোসে নেতো কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন। এরপর ব্রাজিলিয়ান তরুণ আঞ্জেলো শট নিতে এসে জাল খুঁজে নিতে ব্যর্থ হন। আঞ্জেলোর এই মিসের সঙ্গে সঙ্গেই পর্তুগাল শিবির উল্লাসে মেতে ওঠে। পর্তুগালের রোনালদোর উত্তরসূরীরা এখন ফাইনালে অস্ট্রিয়ার মুখোমুখি হবে।