সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও দলে পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ১০:০৩ পিএম

আবারও দলে পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার

দ্বাদশতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর জন্য পুরোনো যোদ্ধাকে আবারও নিজেদের তাঁবুতে ফিরিয়ে এনেছে রংপুর রাইডার্স। দলের শক্তি বাড়াতে পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদকে ভিড়িয়েছে একবারের এই চ্যাম্পিয়ন দলটি।

সর্বশেষ টুর্নামেন্টেও রংপুরের হয়ে খেলা ইফতিখার আহমেদ ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছিলেন। গত আসরে তিনি সাইফ হাসানের (৩০৬ রান) পর দলের হয়ে সর্বোচ্চ ৩০৫ রান করেছিলেন।

৩৫ বছর বয়সী এই ব্যাটার মাত্র ১২টি ম্যাচ খেলার সুযোগ পান এবং অফস্পিনে ৫টি উইকেটও নিয়েছিলেন।ইফতিখার আহমেদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে রংপুর রাইডার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে,

"রংপুরের হয়ে আবারও রাঙাবেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। এবারও রংপুরের প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের পাওয়ার হাউস।" তিনি স্বদেশি হিসেবে এই দলে পাচ্ছেন খাওয়াজা নাফি, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমকে। এই বিদেশি ক্রিকেটারদের যুক্ত করার মাধ্যমে রংপুর রাইডার্স নিজেদের স্কোয়াডকে আরও শক্তিশালী করে তুলল।

অন্যদিকে, ২০২৪ সালের বিপিএলে রংপুরের হয়ে মাঠ মাতানো আরেক অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে এবার দলে নিয়েছে সিলেট টাইটানস। আফগানিস্তানের এই পেস অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি আজ নিজেদের সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর এই প্রতিযোগিতার মাধ্যমে বোঝা যাচ্ছে, দ্বাদশতম বিপিএল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এবং এবারের খেলা ধুলায় আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের দাপট দেখা যেতে পারে।