সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ড্র আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১০:০৯ এএম

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ড্র আজ

বিশ্বকাপ ফুটবল মানেই যেন সারাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা আর রোমাঞ্চের জোয়ার। সেই জোয়ারের ঢেউ আজ থেকে আরও বেশি ছড়িয়ে পড়তে শুরু করবে। কারণ আজ সেই মাহেন্দ্রক্ষণ—২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর হতে চলেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এই আসরটি, যেখানে ৩২ দলের বলয় ভেঙে অংশ নেবে ৪৮টি দল।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের বেশির ভাগ দলই ইতোমধ্যে কোয়ালিফাই করেছে, বাকি আছে মাত্র ছয়টি প্লে-অফ ম্যাচের বিজয়ী দল। আসরের ড্রকে ঘিরে ফুটবল-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানটি হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ড্র পরিচালনা করবেন এবং বাংলাদেশ সময় রাত ১১টায় এই খেলার ভাগ্য নির্ধারণী পর্ব শুরু হবে। তবে ম্যাচের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে আগামীকাল শনিবার রাত ১১টায়।ড্রয়ের নিয়ম অনুযায়ী, মোট চারটি পটে ৪৮টি দল থাকবে এবং প্রতিটি পটে থাকবে ১২টি করে দল। ড্র পট-১ দিয়ে শুরু হবে।

প্রতিনিধিরা প্রতিটি পট থেকে একটি করে বল তোলার মাধ্যমে ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত মোট ১২টি গ্রুপ পূরণ করবেন। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। পট-১-এ আছে স্বাগতিক সুবিধাসহ শীর্ষ বাছাই করা ১২ দল: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি। একটি বিশেষ নিয়মে, ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল (স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড) আলাদা ব্র্যাকেটে থাকবে যাতে সেমিফাইনালের আগে তারা একে অপরের মুখোমুখি না হয়।

কনফেডারেশন-সংক্রান্ত নিয়ম অনুযায়ী, কোনো গ্রুপে ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল রাখা হবে না।এদিকে ড্র অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একটি আলোচনা শুরু হয়েছে, কেননা এশিয়ার দেশ ইরান ড্র অনুষ্ঠান বয়কট করেছে। যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদলের সদস্যদের ভিসা না দেওয়ায় ড্র অনুষ্ঠানে অংশ নিচ্ছে না এশিয়ার এই দলটি। ড্রয়ের মঞ্চ মাতাতে সুপারমডেল হাইডি ক্লুম, হলিউডের খ্যাতিমান কৌতুক অভিনেতা কেভিন হার্ট এবং অভিনেতা-প্রযোজক ড্যানি রামিরেজসহ ফুটবল অঙ্গনের অনেক তারকা-মহাতারকা উপস্থিত থাকবেন।