ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৪১ পিএম
টানা দুই ড্রয়ের পর হারের দুঃস্বপ্ন কাটিয়ে জয়ের দেখা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সেই ছন্দটা তারা ধরে রাখতে পারল না। এবার ফের হোঁচট খেল রেড ডেভিলরা, তা-ও আবার নিজেদের ঐতিহ্যবাহী মাঠ ওল্ড ট্রাফোর্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ রুবেন আমোরিমের শিষ্যদের ১-১ গোলে রুখে দিয়েছে তুলনামূলক দুর্বল দল ওয়েস্টহ্যাম।
এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ম্যানইউ। অন্যদিকে, ইতালিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে কোপা ইতালিয়ার শেষ ষোলো পর্ব থেকেই ছিটকে গেছে।
গোলের সন্ধানে ম্যাচের শুরু থেকেই মরিয়া হয়ে খেলা শুরু করে ম্যানইউ। কিন্তু তাতে যেন কোনো লাভ হচ্ছিল না। গোলশূন্য সমতা নিয়ে কেটে যায় প্রথমার্ধ।
ম্যাচের ৫৮ মিনিটে দিওগো দালত এগিয়ে দেন ইউনাইটেডকে। তার এই গোলে জয় ছিনিয়ে নেওয়ার স্বপ্ন বুনতে থাকে স্বাগতিকরা। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র সাত মিনিট আগে হিসাবটা গড়বড় হয়ে যায়। ওয়েস্টহ্যামকে সমতায় ফেরান সোংগুতু মাগাসা।ম্যানইউয়ের এমন পারফরম্যান্সে যারপরনাই হতাশ সাবেক তারকা মিডফিল্ডার রয় কিন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রত্যেকবার আমি এই ইউনাইটেডকে খেলতে দেখি এবং তারা প্রতিবারই হতাশা করে। তারা নির্ণায়ক হয়ে উঠতে পারে না, কাজ শেষ করার জন্য যথেষ্ট ভয়ংকর হতে পারে না।
সবশেষ তিন কিংবা চার ম্যাচে তাদের পারফরম্যান্সে এটা প্রবলভাবে ফুটে উঠেছে। খুবই বাজে। কাজগুলো শেষ করার একটা সুযোগ আসে এবং এরপর যেন তাদের ভয় পেয়ে বসে।" ১৪ ম্যাচ খেলে ৬ জয়, সমান ৪টি করে ড্র আর হারে ২২ পয়েন্টের পুঁজি গড়েছে ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি। আর ওয়েস্টহ্যাম ১২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে।
অন্যদিকে, কোপা ইতালিয়ায় নিজেদের সর্বশেষ লিগ ম্যাচে লাৎসিওকে হারিয়েছিল এসি মিলান। কিন্তু পাঁচ দিন পরই সেই হারের মধুর প্রতিশোধ নিল লাৎসিও। ব্যবধানটা সেই একই থাকল। এবার লাৎসিও জিতেছে ১-০ গোলে। ম্যাচের ৮০ মিনিটে মাত্তিয়া জ্যাকাগনি লাৎসিওকে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন। তার এই গোলের ফলেই কোপা ইতালিয়ার শেষ ষোলো পর্ব থেকে বিদায় নিয়েছে মিলান, আর জয় ছিনিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে লাৎসিও।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন