বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ১০:০৫ এএম

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

আর কিছুদিন পর মাঠে গড়াবে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দলের অংশগ্রহণে হতে যাওয়া এবারের টুর্নামেন্টের নিলাম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যেখানে দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।

এবার বিপিএল শুরুর আগেই একটি দুঃসংবাদ পেল একটি ফ্র্যাঞ্চাইজি। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরা।

নিলাম থেকে চট্টগ্রাম রয়্যালস ২০ হাজার ডলারে এই শ্রীলঙ্কার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিপিএল খেলা হচ্ছে না তার।

এক বিবৃতিতে চট্টগ্রাম রয়্যালস বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় বিপিএল থেকে ছিটকে গেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই পেরেরার বিকল্প ক্রিকেটারের নাম জানাবে বলে জানিয়েছে। দেশের জার্সিতে সমান ছয়টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে একসময় প্রত্যাশা অনেক থাকলেও তিনি তা পূরণ করতে পারেননি। ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন তিনি, কিন্তু তাতেও ব্যর্থ হন এবং ক্যারিয়ারকে দীর্ঘ করতে পারেননি।

পেরেরার ছিটকে যাওয়ার আগে চট্টগ্রাম রয়্যালসের মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্ব দেওয়া হাবিবুল বাশারও তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। গত ২৭ নভেম্বর টিম ম্যানেজার এবং মেন্টর হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে সেই দায়িত্ব প্রত্যাখ্যান করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিপিএল শুরুর আগে চট্টগ্রাম রয়্যালসের জন্য এই ঘটনাগুলো নিঃসন্দেহে বড় ধাক্কা। সারাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছেন এই টুর্নামেন্টের জমজমাট খেলা দেখার জন্য।