বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এমবাপে-হালান্ডের লড়াই দেখতে উন্মুখ বিশ্ব

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ১০:৩৯ এএম

এমবাপে-হালান্ডের লড়াই দেখতে উন্মুখ বিশ্ব

এই প্রজন্মের দুই সেরা গোল স্কোরার আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে আসন্ন ২০২৬ বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন। বিশ্বকাপের ড্রতে গত আসরের রানার্সআপ ফ্রান্স এবং দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে একই গ্রুপে পড়েছে।

এই দুই গোলমেশিন 'আই' গ্রুপের ম্যাচে একে-অপরের বিপক্ষে মাঠে নামবেন, যা খেলাধুলার জগতে এক নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।

আর্লিং হালান্ডের একক প্রচেষ্টায় নরওয়ে সুদীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। এটি বললে মোটেও বাড়িয়ে বলা হবে না, কারণ তিনি বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচে ১৬ গোল করে তার পারফরম্যান্সের প্রমাণ দিয়েছেন, যা অন্য যেকোনো খেলায়াড়ের চেয়ে বেশি।

একজন নরওয়েজিয়ান সাংবাদিক তো বলেই ফেলেছিলেন যে, এখনই হালান্ডকে তাদের সর্বকালের সেরা খেলায়াড় বলা যায়।সাম্প্রতিক সময়ে গোল করার দিক দিয়ে হালান্ডকে যেখানে ছুঁতে হিমশিম খাচ্ছেন অনেকে, সেখানে কিলিয়ান এমবাপে তার মতোই গোলের বন্যা বইয়ে চলেছেন। প্রিমিয়ার লিগ (হালান্ড) ও লা লিগার (এমবাপে) এই দুই তারকার লড়াই আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো হতে যাচ্ছে। মাত্র ২৬ বছর বয়সী এমবাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হওয়া থেকে মাত্র ২ গোল দূরে আছেন।

তিনি চলমান মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৫ ম্যাচে ১৬ গোল করেছেন। অন্যদিকে, হালান্ড ইতোমধ্যেই নরওয়ের সর্বোচ্চ গোলদাতা এবং দ্বিতীয় স্থানে থাকা খেলায়াড়ের চেয়ে অবিশ্বাস্য ২২ গোল এগিয়ে। চলতি মৌসুমে সিটির হয়ে ১৪ ম্যাচে ১৫ গোল করেছেন।ফ্রান্স ও নরওয়ের এই বিশ্বকাপ ম্যাচটি মাঠে গড়াতে এখনও প্রায় সাত মাস বাকি থাকলেও ড্রয়ের পরপরই আলোচনা শুরু হয়ে গেছে। এই দ্বৈরথ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও। তিনি বলেন, "এটা হবে এক দারুণ দ্বৈরথ। কিলিয়ান আর হালান্ড, দুজনই বিশ্বজুড়ে স্বীকৃত খেলায়াড় এবং গোলদাতার তালিকায় সেরা হওয়ার দৌড়ে তারা দুজনই থাকবে।"