রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএল: আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৫৬ এএম

বিপিএল: আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে নোয়াখালী জেলা। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া এবারের বিপিএলে তারা নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে। টুর্নামেন্ট শুরুর আগেই তারা দলবদলের মাধ্যমে বড় চমক দেখিয়েছিল।

জনসন চার্লস, কুশাল মেন্ডিস, সৌম্য সরকারের মতো তারকা খেলায়াড়দের সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এবার তারা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম প্রকাশ করে আরও একটি বড় চমক দেখাল।

জিয়াউল হক পলাশ সারাদেশের দর্শকের কাছে ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নেন।

তার জন্ম নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। প্রথমবার বিপিএল-এ আসা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের এলাকা এবং দলটিকে সারাদেশের কাছে পরিচিত করতেই এলাকার তুমুল জনপ্রিয় মুখ পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির এই সিদ্ধান্ত বিনোদন এবং খেলার জগতের মধ্যে একটি নতুন সেতুবন্ধন তৈরি করবে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পলাশকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস লিখেছে, "ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।

এই স্থানীয় আঞ্চলিক ভাষায় দেওয়া বার্তাটি তাদের খেলায়াড় এবং সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে রয়েছেন দেশি-বিদেশি একঝাঁক তারকা, যাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিক হাসান এবং বিদেশি খেলায়াড় মোহাম্মদ নবিসহ অনেকে। বিপিএল শুরুর আগে এই ধরনের চমক টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে খেলাপ্রেমীরা মনে করছেন।