সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানের বিপক্ষে এবার দাপুটে জয় বাংলাদেশের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৬:৪৯ পিএম

পাকিস্তানের বিপক্ষে এবার দাপুটে জয় বাংলাদেশের

পরাজয়ে সিরিজ শুরু করলেও টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে জয়টা আগেরটার চেয়ে আরও দাপুটে ছিল। কক্সবাজারে আজ ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। সিরিজ জয়ের লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর চতুর্থ ম্যাচে খেলতে নামবেন অরিত্রী মন্ডল-সুমাইয়া আক্তাররা।

৮৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ৮ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার সুমাইয়া আক্তার (৪ রান) ও অধিনায়ক অরিত্রী মন্ডল (৩ রান)।

তবে সেখান থেকে ৪৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে জয়ের পথ প্রশস্ত করেন অচেনা জান্নাত ও সাদিয়া ইসলাম। সর্বোচ্চ ৩৫ রান করা সাদিয়া জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও পেরেছেন জান্নাত। ৩০ রানে অপরাজিত থেকে জয়ের বাকি কাজ সারেন তিনি। অন্যদিকে ৪ রানে অপরাজিত থাকেন মায়মুনা নাহার। দুর্দান্ত ইনিংসের জন্য সাদিয়া ইসলাম ম্যাচসেরা নির্বাচিত হন।

এর আগে হাবিবা ইসলাম ও অতশী মজুমদারদের দারুণ বোলিংয়ে পাকিস্তান ৮৬ রানের বেশি করতে পারেনি। যদিও শেষ দিকে মেমুনা খালিদ (১৮*) ও মাহনূর জেব (১২) ছোট দুটি ইনিংস না খেললে এই রানও করা সম্ভব হতো না। তবে তাদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন ওপেনার ও দলের অধিনায়ক ইমান নাসের। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম ও অতশী মজুমদার প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক খেলাধুলার এই খবর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আনন্দ এনে দিয়েছে।