ডিসেম্বর ৮, ২০২৫, ১১:৩৯ এএম
স্প্যানিশ লা লিগায় নিজেদের ঐতিহ্যবাহী মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অপমানজনক হার দেখল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে শিরোপা দৌড়ে বড় ধরনের ধাক্কা খেলেন কোচ জাবি আলোনসোর শিষ্যরা। এই ম্যাচে জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে যান সুইডিশ মিডফিল্ডার ভিক্টর স্বেদবার্গ।
অন্যদিকে একের পর এক লাল কার্ড এবং খেলোয়াড়দের ইনজুরির কারণে রিয়ালের রক্ষণভাগ যেন আরও বেশি এলোমেলো হয়ে পড়েছিল। ম্যাচের শুরু থেকেই রিয়াল আগ্রহহীন ও ধীরগতির ফুটবল খেলতে থাকে, বল দখলে রাখলেও তাদের আক্রমণে কোনো ধার ছিল না।
উল্টো সেল্টা তাদের সংগঠিত ফুটবলের মাধ্যমে বারবার বিপদ তৈরি করে। ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খায় স্বাগতিক রিয়াল—চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার এদের মিলিতাও।
তার বদলি হিসেবে নামা রক্ষণও ছিল নড়বড়ে ও দুর্বল। বিরতির পর রিয়ালের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়। ম্যাচের ৫৪তম মিনিটে সেল্টার দ্রুতগতির আক্রমণ থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন স্বেদবার্গ। ব্রায়ান সারাগোসার নিখুঁত ক্রসে ব্যাকহিল ফিনিশে তিনি বার্নাব্যুকে স্তব্ধ করে দেন। গোল হজমের ধাক্কা সামলাতে না সামলাতেই রিয়াল দশজনের দলে পরিণত হয়; দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্রান গার্সিয়া।
একজন কম নিয়ে খেলেও রিয়াল সমতা ফেরানোর চেষ্টা করেছিল, তবে তাদের আক্রমণে যথেষ্ট ছন্দ বা সময়োচিত সিদ্ধান্তের অভাব ছিল। এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের একক প্রচেষ্টা ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেনি স্বাগতিকরা। উল্টো ম্যাচের শেষ দিকে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কারেরাস, ফলে রিয়াল নয়জনের দলে পরিণত হয়।
শেষ মুহূর্তে আরও একবার আঘাত হানে সেল্টা; রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে কাটিয়ে বক্সে ঢুকে নিজের দ্বিতীয় গোলটি করেন স্বেদবার্গ, তাতে সেল্টার দুর্দান্ত জয় নিশ্চিত হয়। এই হারের ফলে শেষ পাঁচ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট পেল রিয়াল মাদ্রিদ। টানা এই বাজে পারফরম্যান্সে লিগ শিরোপার পথ যেন আরও কঠিন হয়ে উঠেছে। সামনে ম্যানচেস্টার সিটির মতো শক্ত প্রতিপক্ষ অপেক্ষায় থাকায় ডুবন্ত রিয়ালকে ঘুরে দাঁড়ানোর উপায় দ্রুত খুঁজে বের করতে হবে জাবি আলোনসোকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন