বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

অবসরের পর মেসির ঠিকানা নিয়ে যা বললেন বেকহ্যাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ০১:১৬ পিএম

অবসরের পর মেসির ঠিকানা নিয়ে যা বললেন বেকহ্যাম

লিওনেল মেসির অবসর-পরবর্তী জীবন কেমন হতে পারে, তা নিয়ে ফুটবল দুনিয়ায় নানা জল্পনা ছিল দীর্ঘদিন ধরে। সেই জল্পনার মাঝে এবার সরাসরি মুখ খুলেছেন ইন্টার মায়ামির অন্যতম মালিক ও সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম।

তিনি জানিয়েছেন, ব্যক্তিগত আলাপে মেসি তাঁকে স্পষ্ট করে বলেছেন যে, অবসরের পর তিনি বার্সেলোনার কাছেই থাকতে চান।

মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ৩-১ গোলের জয়ে দুর্দান্ত দুটি অ্যাসিস্ট করেন মেসি এবং সেই জয়ের মধ্য দিয়েই ইতিহাস গড়ে ইন্টার মায়ামি তাদের প্রথম লিগ শিরোপা জেতে।

ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বেকহ্যাম মেসির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “লিও আমাকে বলেছে, অবসরের পর সে শুধু ক্যাম্প ন্যুর কাছেই থাকতে চায়। আমি চাই সে মায়ামিতেই থাকুক, কিন্তু পৃথিবীতে এমন আর কোনো খেলোয়াড় নেই যে বার্সেলোনাকে মেসির চেয়ে ভালোবাসে। তার পায়ের ট্যাটুতেই বার্সার ক্রেস্ট আছে—এমনকি পানির বোতলেও!” এই মন্তব্য ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বেকহ্যাম এই সাফল্যের পেছনে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, “মাঠের মাঝখানে যখন লিও বল পায়, তখন কিছু একটা হবেই। সে সুযোগ তৈরি করে দেয়। দলটা ছিল খুবই ঐক্যবদ্ধ, আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।” তবে তিনি প্রতিপক্ষ ভ্যাঙ্কুভারকেও কৃতিত্ব দিতে ভোলেননি এবং নিজের ক্লাব মালিক হিসেবে এই সাফল্যকে তিনি আবেগের বলে উল্লেখ করেন। বেকহ্যাম জানান, “অনেক রাত আমার ঘুম হয়নি।

কিন্তু আমি সবসময় বিশ্বাস করেছি, মায়ামিতে এই ক্লাবকে গড়ে তোলা সম্ভব। ঠিক মানুষদের যখন পাশে পেলাম, তখন জানতাম—সবকিছুই সম্ভব।” শেষে তিনি ইন্টার মায়ামির জার্সির পেছনে লেখা কথাগুলো দিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেন, ‘স্বপ্ন দেখার স্বাধীনতা’। মাঠে মেসির জাদু যেমন কথা বলছে, তার ভবিষ্যৎ নিয়ে বেকহ্যামের এই মন্তব্যও তেমনি ফুটবল বিশ্বে বড় আলোচনার জন্ম দিয়েছে।