সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:৩৫ পিএম

সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় ধরনের ধাক্কা খেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ম্যাচের আগে প্রাক্‌-ম্যাচ অনুশীলনে সতীর্থদের সঙ্গে শুরু থেকে অংশ নেননি।

ফলে এই ফরাসি তারকাকে নিয়ে রিয়াল শিবিরে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচের ঘণ্টা কয়েক আগে তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই একাদশে রাখা হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, ভাঙা আঙুলের পুরনো সমস্যার পাশাপাশি বাঁ পায়ের পেশিতে অস্বস্তি নিয়ে ভুগছেন এমবাপ্পে। এসব কারণে তিনি অনুশীলনে পূর্ণমাত্রায় অংশ নিতে পারেননি।

ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এমবাপ্পে শেষ পর্যন্ত যদি খেলতে পারেনও, তবুও তিনি পুরোপুরি ফিট থাকবেন না। এমন পরিস্থিতিতে তাঁকে একাদশে রাখলে কোচ জাভি আলোনসোর ম্যাচ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোচিং স্টাফ তাই সতর্কতার দিকেই বেশি ঝুঁকছে, যদিও ম্যাচের গুরুত্বের কারণে তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান।এমবাপ্পের খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই রিয়াল মাদ্রিদ নিশ্চিতভাবে আরও সাতজন খেলোয়াড়কে পাচ্ছে না। ইনজুরির কারণে বাইরে আছেন কারভাহাল, ট্রেন্ট, হুইসেন, মিলিতাও, আলাবা এবং মেন্ডি। সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো, এই তালিকায় আছেন মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও।

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোট পাওয়ার পর থেকেই তিনি সমস্যায় ভুগছেন এবং তাঁর অনুপস্থিতি প্রায় নিশ্চিত।কোচ জাভি আলোনসো এই সংকট সামাল দিতে যুব দল থেকে ভ্যালদেপেনিয়াস, হোয়ান মার্টিনেজ ও সেসতেরো—এই তিন তরুণ খেলোয়াড়কে সিনিয়র দলে ডাক দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে অন্তত একজন ম্যাচে সুযোগ পেতে পারেন।

সব মিলিয়ে, চ্যাম্পিয়নস লিগের মঞ্চে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামার আগে ইনজুরি দুশ্চিন্তায় নড়বড়ে অবস্থায় রয়েছে রিয়াল মাদ্রিদ। এখন শেষ মুহূর্তের বড় প্রশ্ন হলো—মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে এমবাপ্পে খেলবেন, নাকি বেঞ্চ থেকেই তাঁকে দেখতে হবে?