শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিপিএল মাতাতে প্রথমবার আসছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৪৫ এএম

বিপিএল মাতাতে প্রথমবার আসছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথ

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগে সরাসরি চুক্তিতে সাইফ হাসান, তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস ও উসমান খানের মতো তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর পর এবার দলটি চুক্তিবদ্ধ হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথের সঙ্গে।

আইপিএল ও সিপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন এই উইন্ডিজ ক্রিকেটার।

স্মিথ দ্রুত গতিতে বল করা এবং ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্যের জন্য পরিচিত। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিনি জামাইকা তালাওয়াস এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মতো দলগুলোর হয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও, আইপিএলে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের হয়েও এক মৌসুম খেলেছেন তিনি।তারকা ক্রিকেটারদের পাশাপাশি কোচিং প্যানেলেও চমক নিয়ে এসেছে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের নতুন আসরের জন্য তারা টবি রেডফোর্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন গোলাম মুর্তজা, যার দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া, পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুর্তজা ছাড়া দলটির সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহবুব আলি জ্যাকি।ঢাকা ক্যাপিটালস স্কোয়াড (তালিকাভুক্ত কিছু খেলোয়াড়): তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, ওডেন স্মিথ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরি।