আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৪৭ এএম
ছবি-দিনাজপুর টিভি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মৌমারী এলাকায় ফসলি জমির ওপর অস্থায়ী মাঠ বানিয়ে শুরু হয়েছে ব্যতিক্রমী 'নাইট সুপার ফোর ক্রিকেট টুর্নামেন্ট'। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং গ্রামীণ ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও অলরাউন্ডার নাসির হোসেন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে ফিতা কেটে, আতশবাজি ফুটিয়ে ও ব্যাট-বল হাতে নিয়ে টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়। এসময় বোলিংয়ে শরিফুল এবং ব্যাটিংয়ে নাসির অংশ নিয়ে খেলার শুভ সূচনা করেন।
চারিদিকে আলোকসজ্জা ও কাপড়ের বেড়ার বেষ্টনীর ভেতরে দর্শকদের উপচে পড়া ভিড় এলাকার তৈরি করে উৎসবের আমেজ।
মাঠ না থাকা সত্ত্বেও গ্রামের ছেলেদের উৎসাহ এবং রাতজুড়ে খেলার উত্তাপ গ্রামীণ জনপদে খুশির আবহ তৈরি করে।আয়োজকরা জানান, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতি বছর এ ধরনের খেলার আয়োজন করতে চান তারা।উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলাম নিজ এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় একটি খেলার মাঠ স্থাপনের দাবি জানান।

অলরাউন্ডার নাসির হোসেনও গ্রামীণ পর্যায়ে এ ধরনের বেশি বেশি খেলার আয়োজন করার উপর গুরুত্ব দেন।শরিফুল ইসলাম ও এএস স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচ ১২ ওভারের হবে এবং মাঠে ৯ জন করে খেলোয়াড় খেলবেন।
আগামী ১৫ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।উদ্বোধনী খেলায় সোনাহার মা ডিজিটাল স্কেল পরাজিত করে দেবীগঞ্জ রকার্স থার্টিনকে। পরের খেলায় সৈয়দপুরের সেঞ্চুরিয়ান ক্রিকেট ক্লাব পরাজিত করে কালীগঞ্জ আবু সায়েম প্রধান ক্রিকেট একাডেমীকে।