বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বাদ পড়া মুস্তাফিজ কী পাবেন নিলামের পুরো টাকা, যা আছে নিয়মে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৪:৩৫ পিএম

বাদ পড়া মুস্তাফিজ কী পাবেন নিলামের পুরো টাকা, যা আছে নিয়মে

রাজনৈতিক অস্থিরতা ও ভারতের কট্টরপন্থী সংগঠনের চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তবে মাঠের বাইরের এই সিদ্ধান্তে মোস্তাফিজের নিলামের ৯ কোটি ২০ লাখ রুপি (প্রায় ১২ কোটি ৬৮ লাখ টাকা) প্রাপ্তি নিয়ে তৈরি হয়েছে বড় আইনি জটিলতা।

আইপিএলের বেতন সংক্রান্ত নিয়ম কী বলছে?সাধারণত আইপিএলে কোনো ক্রিকেটার ইনজুরির কারণে আসর থেকে ছিটকে গেলে বা বোর্ড অনাপত্তিপত্র (NOC) না দিলে নির্দিষ্ট নিয়মে অর্থ পান।

কিন্তু মোস্তাফিজের বিষয়টি আইপিএলের ভাষায় ‘ফোর্স মাজর’ (Force Majeure) বা নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।

যেহেতু কেকেআর স্বেচ্ছায় তাকে বাদ দেয়নি বরং বিসিসিআই-এর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে পুরো অর্থ দিতে আইনিভাবে বাধ্য নয়।আইপিএলের নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার আসরের কতটি ম্যাচে স্কোয়াডে উপস্থিত ছিলেন, তার ওপর ভিত্তি করে পারিশ্রমিক দেওয়া হয়। আসর শুরুর আগেই বাদ পড়ায় কেকেআর এই অর্থ দিতে চুক্তিবদ্ধ না-ও হতে পারে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিকল্প ক্রিকেটার নেওয়ার অনুমতি দিলেও মোস্তাফিজের পাওনার বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তবে মোস্তাফিজ চাইলে এই পরিস্থিতির বিরুদ্ধে বিসিসিআই বা কেকেআরের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারেন, যদিও সেই প্রক্রিয়া অত্যন্ত জটিল।

শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপির ভাগ্যে কী আছে, তা নির্ভর করছে বিসিসিআই-এর বিশেষ বিবেচনার ওপর। যদি বোর্ড বিশেষ তহবিল থেকে ক্ষতিপূরণ না দেয়, তবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখেই পড়বেন এই টাইগার পেসার।