জানুয়ারি ৪, ২০২৬, ১০:০১ এএম
বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার অজুহাতে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের জন্য তথ্যমন্ত্রীকে অনুরোধ করার কথা উল্লেখ করেন।
আসিফ নজরুল তাঁর স্ট্যাটাসে সরাসরি ভারতের ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দায়ী করে লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে।
বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” ক্রীড়া উপদেষ্টা আরও জানান, তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন যেন তারা আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে এবং আসন্ন বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়।উপদেষ্টা তাঁর কড়া বার্তায় আরও বলেন, “আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়!
আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে বড় পদক্ষেপে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় ১৭ জন পরিচালক সর্বসম্মতভাবে আইসিসির সিকিউরিটি ইউনিটের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল রোববার এই চিঠি আইসিসির সদর দপ্তরে পাঠানো হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে। মুস্তাফিজ ইস্যুতে ভারতের এমন আচরণ দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন