রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের পাল্টা পদক্ষেপ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৩৯ এএম

মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের পাল্টা পদক্ষেপ

সংখ্যালঘু কার্ড ব্যবহার করে এবং উগ্রবাদী গোষ্ঠীর চাপে মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছে—আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল।

সরকারের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে, ভারত সরকার যেখানে একজন খেলোয়াড় মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগ, সেখানে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা তারা কীভাবে দেবে—তা নিয়ে ঢাকা গভীরভাবে উদ্বিগ্ন।

ক্রীড়া উপদেষ্টা এই ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন, গোলামির দিন শেষ হয়েছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাই।তিনি আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিসিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করা হয়। একইসঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, মোস্তাফিজ ইস্যুতে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আইনি ভিত্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই পদক্ষেপকে কূটনৈতিক পাল্টা জবাব হিসেবেই দেখছেন। তাদের মতে, ভারত সরকার রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘু ইস্যু ব্যবহার করে দুদেশের সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ‘শত্রুভাবাপন্ন নীতির বহিঃপ্রকাশ’ বলে মনে করছে ঢাকা।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে দলে নিলেও উগ্রবাদী হিন্দু সংগঠনগুলোর হুমকি ও বিসিসিআই-এর নির্দেশে তাকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদেই বাংলাদেশ সরকার ও বিসিবি এই কঠোর অবস্থানে গিয়েছে।