সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৮:০৩ পিএম

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

সুপার এইটে জিম্বাবুয়ে, অজিদের বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার সবচেয়ে বড় চমক দেখাল জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে সিকান্দার রাজার দল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এই নাটকীয় সমীকরণ মেলেনি। 

টস করাও সম্ভব না হওয়ায় দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। আর এই ১ পয়েন্টই জিম্বাবুয়েকে পৌঁছে দিয়েছে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে।সুপার এইটে ওঠার জন্য এই ম্যাচে জিম্বাবুয়ের মাত্র ১ পয়েন্টের প্রয়োজন ছিল। 

আয়ারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করার পর ৩ ম্যাচ শেষে জিম্বাবুয়ের মোট পয়েন্ট দাঁড়ায় ৫। অন্যদিকে, শক্তিশালী অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে মাত্র ২ পয়েন্ট। গ্রুপ পর্বে তাদের হাতে আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। সেই ম্যাচে জয় পেলেও অজিদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৪। 

ফলে গাণিতিকভাবেই জিম্বাবুয়ের নিচে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে। তাদের সাথে বিদায় নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ডেরও, যাদের সংগ্রহ ৩ পয়েন্ট।গ্রুপ ‍‍`বি‍‍` থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় দল হিসেবে জিম্বাবুয়ে তাদের সঙ্গী হলো। মূলত গ্রুপ পর্বের আগের ম্যাচগুলোতে শ্রীলঙ্কার কাছে হারের পর জিম্বাবুয়ের কাছেও হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। 

চোটজর্জর অজি দল পুরো টুর্নামেন্টেই খেই হারিয়ে ফেলেছিল। যদিও শেষ ম্যাচে ওমানের বিপক্ষে খেলার সুযোগ আছে তাদের, তবে সেই ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।পাল্লেকেলের ঝড়ো বৃষ্টি জিম্বাবুয়ের জন্য আশীর্বাদ হয়ে এলেও আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার জন্য তা কাল হয়ে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ের এই অভাবনীয় সাফল্য ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলকে টপকে তাদের সুপার এইটে যাওয়া টুর্নামেন্টের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জিম্বাবুয়ের এই ঐতিহাসিক অর্জন এখন দলটির সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।