মার্চ ২৯, ২০২৬, ১২:০৬ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল থেকে নিলামের পর সুস্থ অবস্থায় নাম প্রত্যাহার করার প্রবণতা ঠেকাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বা বিসিসিআইকে আরও কঠোর শাস্তির পরামর্শ দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। বর্তমানে কোনো খেলোয়াড় ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে তার জন্য দুই বছরের নিষেধাজ্ঞার বিধান থাকলেও গাভাস্কার মনে করেন এটি কার্যকর কোনো সমাধান নয়।
ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক গত বছর এই শাস্তির আওতায় পড়লেও চলতি মৌসুমে একই পথে হেঁটেছেন তার সতীর্থ বেন ডাকেট। ২ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিলেও জাতীয় দলের প্রস্তুতির অজুহাতে তিনি টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাকেট তাঁর এই সিদ্ধান্তকে অত্যন্ত কঠিন বলে অভিহিত করেছেন। তিনি দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন যে বিশ্বের সেরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তাঁর জন্য বড় অভিজ্ঞতা হতে পারত।
তবে বর্তমানে তিনি নিজের টেস্ট ক্যারিয়ার এবং ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বাড়তি মনোযোগ দিতে চান। ডাকেটের এই আকস্মিক সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজিটি কৌশলগতভাবে বিপাকে পড়েছে যা নিয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে নিলামের পর এভাবে সরে দাঁড়ানোকে পেশাদারিত্বের অভাব হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে।সুনীল গাভাস্কার ইন্ডিয়া টুডেকে দেওয়া প্রতিক্রিয়ায় জানান যে বিসিসিআইয়ের উচিত এমন কোনো শাস্তির ব্যবস্থা করা যার বাস্তব প্রভাব খেলোয়াড়দের ওপর সরাসরি পড়বে।
তিনি মনে করেন ডাকেট আসলে দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় বড় অঙ্কের অর্থ পাওয়ায় আইপিএল থেকে সরে যাওয়ার সাহস পেয়েছেন। গাভাস্কারের মতে দুই বছরের নিষেধাজ্ঞা খেলোয়াড়দের সিদ্ধান্ত গ্রহণে বড় কোনো বাধা সৃষ্টি করতে পারছে না। তাই আইপিএলে ফিরে আসার সম্ভাবনাকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে এমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলে তিনি দাবি করেন। ফ্র্যাঞ্চাইজিগুলোর বিনিয়োগ ও পরিকল্পনার স্বার্থে বোর্ডকে এই বিষয়ে কঠোর নীতি গ্রহণ করতে হবে বলে মনে করেন এই অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন