মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ফুটবলার হামজা চৌধুরী

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১২:১৯ এএম

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ফুটবলার হামজা চৌধুরী

এসএসসির প্রশ্নপত্রে হামজা।

চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে স্থান পেয়েছেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রে দেশের এই তারকা ফুটবলারকে নিয়ে একটি গ্রামার প্রশ্ন করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই পরীক্ষায় বিষয়টি পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা এবং ইংরেজি প্রথম পত্র শেষে মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রের এই ভিন্নধর্মী আয়োজনের জন্য আলোচনায় উঠে এসেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বোর্ডটির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের সাফিক্স-প্রিফিক্স অংশে হামজাকে নিয়ে একটি অনুচ্ছেদ তুলে ধরা হয়।

প্রশ্নপত্রে হামজার জনপ্রিয়তা এবং বাংলাদেশ জাতীয় দলে তার অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে। একইসঙ্গে তার প্রতিভা, ইউরোপিয়ান লিগে খেলার অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশের বিপক্ষে সাফল্যের কথা উল্লেখ করে পরীক্ষার্থীদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়। ইংরেজি ব্যাকরণ বিষয়ে প্রশ্নটি মূলত শিক্ষার্থীদের শব্দভান্ডার ও ভাষাগত দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যেই করা হয়েছে।

বর্তমানে ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির হয়ে ঘরোয়া ফুটবলে খেলছেন হামজা চৌধুরী। গত বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে তার অভিষেক হয়। এরপর থেকেই দেশের ফুটবলে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এবার সেই জনপ্রিয়তা সাধারণ শিক্ষার অন্যতম বড় পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রেও প্রতিফলিত হলো।