শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

বিশ্বকাপ দলে ফিরে গোল করে সান্তোসকে জেতালেন নেইমার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১১, ২০২৬, ০৩:৩১ পিএম

বিশ্বকাপ দলে ফিরে গোল করে সান্তোসকে জেতালেন নেইমার

ফিফা বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাওয়ার দুই দিনের মাথায় মাঠের পারফর্ম্যান্সে নিজের সামর্থ্য দেখালেন নেইমার জুনিয়র। তার ব্যক্তিগত নৈপুণ্যে ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জয় পেয়েছে সান্তোস এফসি। এই জয়ের মাধ্যমে নিজেদের টানা তিন ম্যাচের জয় খরা কাটাল ক্লাবটি।

সোমবার (১১ মে) নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সান্তোস। পুরো ম্যাচের ৫৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখেন নেইমাররা। তারা প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে মোট ১০টি শট নেন, যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। 

অন্যদিকে ৪৩ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাগান্তিনো সান্তোসের গোলবারে মোট আটটি শট নিলেও সাফল্য পায়নি।ম্যাচের প্রথম গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর দেওয়া পাসে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন নেইমার। প্রথমার্ধ ১-০ ব্যবধানে শেষ হওয়ার পর বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সান্তোস। 

দ্বিতীয় গোলটি করেন অ্যাডোনিস ফ্রাইয়াস। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।ব্রাজিলিয়ান সিরি-এ লিগের পয়েন্ট টেবিলে এই জয়ের পর ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। ১৫ রাউন্ড শেষে দলটির বর্তমান পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ব্রাগান্তিনো। এদিকে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে রয়েছে পালমেইরাস।

বিশ্বকাপের প্রাথমিক দলে ফেরার পর নেইমারের এই গোল ভক্তদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। গত তিনটি ম্যাচে সান্তোস দুটি ড্র এবং একটি হারের মুখ দেখলেও নেইমারের ফেরার ম্যাচে জয় নিয়ে স্বস্তিতে আছে ক্লাবটি।