জুন ১১, ২০২৬, ১২:৪৭ পিএম
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে উৎসবের আমেজ। প্রিয় দলের খেলা দেখার জন্য দর্শকরা টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন বা ট্যাবেও নজর রাখছেন। এবারের আসরে প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় খেলা দেখার সুযোগ থাকছে ফুটবলপ্রেমীদের জন্য।মোবাইল অ্যাপ ব্যবহার করে এখন যেকোনো স্থান থেকেই খেলা দেখা সম্ভব।
বাংলাদেশের দর্শকরা টফি, বায়োস্কোপ, মাই রবি, মাই এয়ারটেল এবং আইস্ক্রিন ব্যবহার করে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে সাবস্ক্রিপশন প্যাকেজ কিনে লাইভ ম্যাচ দেখা যাবে। প্রতিটি প্ল্যাটফর্মে সাইনআপ প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে সহজেই খেলা দেখার সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস এবং সময় টেলিভিশন তাদের ডিজিটাল প্ল্যাটফর্মেও নিয়মিত সম্প্রচার চালাবে।
এবারের বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। প্রথমবারের মতো ৪৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ৩৯ দিনব্যাপী চলবে ফুটবলের এই মহাযজ্ঞ। আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ১০৪টি ম্যাচের এই বিশাল আয়োজনের। প্রযুক্তির ব্যবহারে দর্শকরা এখন ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেন, প্রিয় দলের খেলা মিস করার কোনো সুযোগ নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন