জুন ১৩, ২০২৬, ০৯:৩২ এএম
ঘরের মাঠের বিশ্বকাপে প্রত্যাশিত জয় দিয়ে মিশন শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচেই তারা প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিক ফুটবলাররা।দলটির জয়ের নায়ক ফোলারিন বালোগুন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। সাড়ে ৬ মিনিটের মাথায় ডিফেন্ডারদের কাটিয়ে ক্রিস্টিয়ান পুলিসিচ ডি-বক্সের ভেতর বল বাড়ান। সেই বল ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়েন বোবাদিলা নিজেদের জালে জড়িয়ে দিলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ২৮ মিনিটে বালোগুন বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি।
অবশ্য দ্বিতীয় গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। এর তিন মিনিট পরেই পুলিসিচের পাস থেকে চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেন বালোগুন। প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন এই স্ট্রাইকার। এবার গোল করতে তাকে সহায়তা করেন সতীর্থ মালিক তিলম্যান।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৩ মিনিটে প্যারাগুয়ের পক্ষে একমাত্র গোলটি শোধ করেন মাউরিসিও। জুলিও এনসিসোর পাস থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে যুক্তরাষ্ট্রের হয়ে চতুর্থ গোলটি করেন জিওভানি রেইনা। ফ্রিম্যানের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকেই প্যারাগুয়ের গোলরক্ষককে ফাঁকি দেন তিনি। এই গোলের পরেই রেফারি শেষ বাঁশি বাজান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন