জুন ২৬, ২০২৬, ০৬:৩৩ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের নাটকীয়তা এখন তুঙ্গে। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচ ডে-তে আগামীকাল শনিবার ভোর ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, যেখানে শেষ ৩২ পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে দুদলের সামনে রয়েছে সমীকরণের নানা জটিল হিসাব-নিকাশ।এই ম্যাচটি মূলত সরাসরি নকআউট পর্বে যাওয়ার এক হাইভোল্টেজ লড়াই।
বর্তমানে দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানে রয়েছে কোচ লুইস দে লা ফুয়েন্তের স্পেন। অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে ড্র করে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কোচ মার্সেলো বিয়েলসার উরুগুয়ে এবং সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে কেপ ভার্দে। ফিফা র্যাংকিংয়ের তৃতীয় সেরা দল স্পেন যদি এই ম্যাচে জয় বা ড্র পায়, তবে সরাসরি পরের রাউন্ডে যাবে। কিন্তু ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য এ ম্যাচটি টিকে থাকার লড়াই, কারণ হারলে বা ড্র করলে তাদের টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টাও বেজে যেতে পারে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে উরুগুয়ে দল বড় ধাক্কা খেয়েছে ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এবং মিডফিল্ডার জর্জিয়ান ডি আরাস্কায়েতার ইনজুরিতে, কাফ ইনজুরির কারণে তারা এ ম্যাচে খেলতে পারবেন না। তবে উরুগুয়ের আক্রমণভাগে বড় পরিবর্তন আসতে পারে এবং শুরুর একাদশে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে দেখা যেতে পারে ডারউইন নুনিয়াসকে। বিপরীতে স্পেনের ভিক্টর মুনোজ এখনো পুরোপুরি ফিট না হলেও দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল ও মিকেল ওয়ারজাবাল একাদশে থাকছেন, সেই সাথে উইংয়ে গতি বাড়াতে প্রথমবারের মতো সুযোগ পেতে পারেন ফরোয়ার্ড নিকো উইলিয়ামস।
ঐতিহাসিকভাবে উরুগুয়ের বিপক্ষে স্পেনের রেকর্ড বেশ ভালো। দুদলের মধ্যকার বিগত ১০ লড়াইয়ের মধ্যে স্পেন পাঁচটিতে জয় পেয়েছে এবং বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে, আর বিশ্বকাপে তাদের একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। গুয়াদালাহারার এই মহারণে একদিকে থাকবে স্পেনের চেনা পাসিং ফুটবল এবং অন্যদিকে থাকবে উরুগুয়ের আক্রমণাত্মক ও শারীরিক ফুটবল, যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রীড়ামোদীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন