সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রাজিল-জাপান নকআউট ম্যাচের বিতর্কিত রেফারি মারিয়ানি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৬:২৬ পিএম

ব্রাজিল-জাপান নকআউট ম্যাচের বিতর্কিত রেফারি মারিয়ানি

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড অব থার্টি টুর হাইভোল্টেজ ম্যাচে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে শক্তিশালী জাপান। টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইতালির বিতর্কিত রেফারি মাউরিজিও মারিয়ানি।সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় এই বহুল প্রতীক্ষিত ফুটবল মহারণ শুরু হবে।

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ঘোষিত অফিশিয়াল প্যানেল অনুযায়ী, মারিয়ানির সহযোগী হিসেবে মাঠের দায়িত্ব পালন করবেন তাঁরই স্বদেশি সহকারী রেফারি দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনি। ম্যাচটিতে চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকবেন সুইজারল্যান্ডের রেফারি সান্দ্রো শ্যারার এবং রিজার্ভ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন আরেকসুইস অফিশিয়াল স্টিফেন ডি আলমেইদা। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতিমধ্যে সৌদি আরব বনাম উরুগুয়ে এবং কলম্বিয়া বনাম কঙ্গো ডিআর ম্যাচ দুটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন মারিয়ানি।

ইউরোপীয় ঘরোয়া ফুটবল ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মারিয়ানি অত্যন্ত পরিচিত মুখ হলেও মাঠের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে ফুটবল বিশ্বে তিনি বেশ সমালোচিত। বিগত ২০২৪ সালে ইতালিয়ান ঘরোয়া লিগ সিরি আ-তে নাপোলি বনাম ইন্টার মিলানের ম্যাচে একটি চরম বিতর্কিত পেনাল্টি দেওয়ার অপরাধে তাঁকে সাময়িকভাবে ম্যাচ পরিচালনা থেকে বরখাস্ত করা হয়েছিল। 

এর আগে ২০২১ সালের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার ও জুভেন্টাসের লড়াইয়ে শেষ মুহূর্তে বিতর্কিত পেনাল্টি দেওয়ায় ম্যাচ শেষে ড্রেসিংরুমের টানেলে ইন্টার মিলানের ফুটবলাররা তাঁকে ঘিরে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে বিভিন্ন সময়ে মাঠের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তির সহায়তায় নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থাকলেও কঠিন ম্যাচ নিয়ন্ত্রণে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বিবেচনা করে ফিফা আবারও তাঁর ওপর পূর্ণ আস্থা রেখেছে।

সম্প্রতি ইউরোপীয় ক্লাব ফুটবলে ক্রিস্টাল প্যালেস ও রায়ো ভায়েকানোর মধ্যকার কনফারেন্স লিগের ফাইনাল ম্যাচটি পরিচালনা মারিয়ানির আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও চোট কাটিয়ে ফেরা নেইমারের সম্ভাব্য উপস্থিতি এবং দুর্দান্ত ফর্মে থাকা জাপানের লড়াকু মনোভাবের কারণে আজকের ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে বাড়তি উত্তেজনা কাজ করছে। ফলে ফুটবলপ্রেমীদের গভীর নজর যেমন মাঠের ৯০ মিনিটের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর থাকবে, ঠিক তেমনি ইতালিয়ান রেফারি মারিয়ানির প্রতিটি স্পর্শকাতর সিদ্ধান্তের ওপরেও থাকবে তীব্র দৃষ্টি।