শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

নকআউট পর্ব শুরুর আগেই রোমেরোকে ফিরে পাওয়ার আশা আর্জেন্টিনার

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৮:৩০ পিএম

নকআউট পর্ব শুরুর আগেই রোমেরোকে ফিরে পাওয়ার আশা আর্জেন্টিনার

ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ নকআউট পর্ব শুরু হওয়ার ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে বড় স্বস্তির খবর এসেছে। চোট কাটিয়ে দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। সবকিছু ঠিকঠাক থাকলে শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী শনিবার কেপ ভার্দের বিপক্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম একাদশে দেখা যেতে পারে এই সেন্টার ব্যাককে।

আগামী ৪ জুলাই শনিবার বাংলাদেশ সময় ভোরে নকআউটের এই বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন আটাশ বছর বয়সী এই ডিফেন্ডার। ওই ম্যাচের ৫৭তম মিনিটে ব্যথা অনুভব করায় বাধ্য হয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছিল। চোটের তীব্রতার কারণে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি, যেখানে তাঁর পরিবর্তে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি প্রথম একাদশে সুযোগ পেয়ে দলের ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জর্ডান ম্যাচ শেষেই আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন যে নকআউট পর্বের আগেই রোমেরোকে ফিরে পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত দলের মূল অনুশীলনে সতীর্থদের সাথে পূর্ণ গতিতে রোমেরোকে ঘাম ঝরাতে দেখা গেছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই টানা জয় তুলে নেওয়া আর্জেন্টিনার রক্ষণভাগ এই নির্ভরযোগ্য ডিফেন্ডারের প্রত্যাবর্তনে এখন আরও বেশি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।