জুলাই ২, ২০২৬, ০৪:০৯ পিএম
বিশ্বকাপ ফুটবলের মঞ্চ এখন তীব্র উত্তেজনার কেন্দ্রে। মাঠের সবুজ ঘাসে কিংবা গ্যালারির উল্লাসে ৪৮ দলের এই টুর্নামেন্ট ঘিরে চারদিকে উৎসবের আমেজ। কাঁটা বিছানো পথ পেরিয়ে কিছু দল প্রত্যাশিত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে, আবার অনেক ফেভারিট দলই বিদায় নিয়েছে আসর থেকে।অঘটনের বিশ্বকাপে ফেভারিটরা ঝরে পড়ছে।
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খায় চারবারের চ্যাম্পিয়ন ইতালি। বাছাই পর্ব পেরোতে না পেরে তারা এবারের আসরে জায়গা করতে পারেনি। এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, যা এবারের আসরের অন্যতম বড় অঘটন। ৪৮ দল থেকে ৩২ দল পরবর্তী পর্বে জায়গা করে নিলেও রাউন্ড অব ৩২-এ হোঁচট খায় জার্মানি ও নেদারল্যান্ডস। প্যারাগুয়ের কাছে পেনাল্টিতে হেরে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির যাত্রা শেষ হয়, আর মরক্কোর বিপক্ষে হেরে বিদায় নেয় তিনবার ফাইনাল খেলা নেদারল্যান্ডস।
দলগুলোর বিদায় শুধু পারফরম্যান্সের কারণেই নয়, বরং কিছু ম্যাচ দর্শকদের হৃদয় ভেঙে দিয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের জয় বা সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের বিতর্কিত পেনাল্টি প্রাপ্তি সমর্থকদের চোখে জল এনে দিয়েছে। এমন অনেক দল আছে যারা হারলেও লড়াকু পারফরম্যান্সে দর্শকদের হৃদয় জয় করেছে।
এখনও বিশ্বকাপে টিকে আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। উত্তর আমেরিকার দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। এখন সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, শেষ পর্যন্ত কোন দেশের স্বপ্ন পূরণ হয় তা দেখার জন্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন