জুলাই ৩, ২০২৬, ০৮:৫৭ পিএম
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায় নিয়ে ছড়িয়ে পড়া জল্পনার অবসান ঘটিয়ে পর্তুগিজ অধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তিনি ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।চলমান বিশ্বকাপে পর্তুগালের শেষ ষোলো নিশ্চিত করার পর রোনালদো তার অবসরের গুঞ্জন নিয়ে সরাসরি কথা বলেছেন। ৪১ বছর বয়সী এই মহাতারকা চলতি আসরে দলের প্রতিটি ম্যাচেই দুর্দান্ত ফিটনেস নিয়ে মাঠে রয়েছেন।
তবে টুর্নামেন্ট শুরুর পর থেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানাবিধ আলোচনা চলছিল।ক্রোয়েশিয়াকে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করার পর রোনালদো বলেন, এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলে সবার জন্য ভালো হয়, এমন সিদ্ধান্তই নেব।
তিনি আরও জানান, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নন তিনি। বর্তমানে তার পুরো মনোযোগ বিশ্বকাপের এই আসরটি উপভোগ করা এবং দলের জন্য সর্বোচ্চ অবদান রাখার দিকে।রোনালদোর এই মন্তব্য তার অবসরের গুঞ্জনকে অনেকটা স্তিমিত করে দিয়েছে।
তার বোন কাতিয়া আভেইরোর এক মন্তব্যকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত হলেও, রোনালদোর নিজের বক্তব্য পরিষ্কার—তিনি এখন দলের সাফল্যের জন্য কাজ করতে চান।বিশ্বকাপ শেষে পরিবারের সঙ্গে আলোচনা করেই ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পর্তুগিজ এই মহাতারকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন