শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভোজিনহার জন্য নিয়ম বদলে গেল চিলিতে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ১১:৩১ পিএম

ভোজিনহার জন্য নিয়ম বদলে গেল চিলিতে

ছবি : সংগৃহীত

চিলির ক্লাব ফুটবলে নিয়মের এক ঐতিহাসিক ব্যতিক্রম ঘটিয়ে কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনহার জার্সিতে ডাকনাম ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে দেশটির পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্তের ফলে তার দলবদল সংক্রান্ত একটি বড় আইনি জটিলতার অবসান ঘটেছে। তবে জার্সি সংক্রান্ত জট খুললেও শীর্ষ ক্লাব কোলো কোলোতে তার যোগ দেওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।নির্ধারিত সময়ে চিলিতে পৌঁছাতে না পারায় ক্লাব ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

চিলির প্রিমেরা ডিভিশন লিগের প্রচলিত নিয়ম অনুযায়ী ফুটবলাররা জার্সির পেছনে আসল নামের পরিবর্তে কোনো ডাকনাম ব্যবহার করতে পারেন না। কিন্তু কোলো কোলো ক্লাবে যোগদানের ক্ষেত্রে ভোজিনহার অন্যতম প্রধান শর্ত ছিল জার্সিতে তার জনপ্রিয় ডাকনাম ব্যবহার করা। ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে এই কঠোর নিয়ম শিথিল করেছে। বিশ্বকাপের মঞ্চে নজরকাড়া পারফরম্যান্স করা এই তারকা গোলকিপারের দলবদল নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা চলছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত সপ্তাহে কোলো কোলো তাকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং মঙ্গলবার তার সান্তিয়াগোতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে সেই সফর পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবারও তিনি বিমানে না ওঠায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে ক্লাবের ডিরেক্টর হেইমে পিসারো নিশ্চিত করেছেন যে চুক্তি বাতিল হয়নি এবং ব্যক্তিগত সমস্যার কারণে তিনি সময় চেয়েছেন।

অন্যদিকে ক্লাবের সভাপতি আনিবাল মোসা স্বীকার করেছেন চুক্তিপত্রে এখনো আনুষ্ঠানিকভাবে সই সম্পন্ন হয়নি। তবে দলটির কোচ ফের্নান্দো ওরতিজ অত্যন্ত আশাবাদী কণ্ঠে জানিয়েছেন যে খেলোয়াড়ের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং দ্রুতই সব বাধা কাটিয়ে তিনি দলে যোগ দেবেন।