রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের কাছে হারলেও ফাইনালে যে সমীকরণে যাবে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:২৯ পিএম

ভারতের কাছে হারলেও ফাইনালে যে সমীকরণে যাবে বাংলাদেশ

ছবি - সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগাররা হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে, তবে সেক্ষেত্রে পাকিস্তানকে হারাতে হবে।

আজ (বুধবার) ভারতের বিপক্ষে এবং আগামীকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ আজ ভারতকে হারাতে পারে, তাহলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু যদি ভারতের কাছে হেরেও যায়, তবুও ফাইনালের আশা বেঁচে থাকবে।

সেক্ষেত্রে কাল পাকিস্তানকে হারাতে হবে। যদি বাংলাদেশ আজ ভারতকে হারায় এবং কাল পাকিস্তানের কাছে হেরে যায়, তাহলে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে ভারত জিতলে নেট রান রেটের সমীকরণ আসবে, আর শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সরাসরি ফাইনাল নিশ্চিত করবে।

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ও ভারত এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বারের সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র একটি।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে আসে। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে টাইগাররা।