রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০১:১২ পিএম

এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের

ছবি - সংগৃহীত

কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির মাঠে খেলতে এসেও নিজেদের খেলার ধার একটুও কমতে দেয়নি ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে কাইরাত আলমাতিকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে তারা।

ম্যাচে প্রথমে গোলের সুযোগ তৈরি করে কাইরাত আলমাতি। ঘরের মাঠে ১৩ সেকেন্ডের মাথায় রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার পরীক্ষা নেন দাস্তান সাতপায়েভে। এক মিনিট পর জর্জিনিও গোলের চেষ্টা করেন।তবে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ফাউলের শিকার হলে এই পেনাল্টিটি পায় রিয়াল।

এরপর দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় রিয়াল। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। ৫৮ মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাসে একটি সুযোগ মিস করেন ফরাসি এই তারকা। অবশেষে ৭৩ মিনিটে আর্দা গিলেরের পাসে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। রিয়ালের বাকি দুটি গোল করেন যথাক্রমে এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ।