সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আমিরাতের লিগে ১ কোটি পাবেন তাসকিন, সাকিব ৫০ লাখ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০৯:০০ এএম

আমিরাতের লিগে ১ কোটি পাবেন তাসকিন, সাকিব ৫০ লাখ

ছবি - সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টি-তে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারকে দেখা যাবে। নিলামের আগেই সরাসরি দল পেয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, আর গত বুধবারের (১ অক্টোবর) নিলামে দল পেলেন আরও দুই তারকা—অলরাউন্ডার সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদ।আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী বছর ১০ জানুয়ারি।

গতকাল দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির প্রথম নিলাম অনুষ্ঠিত হয়। এখানে একটা চমকপ্রদ ঘটনা ঘটে: প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাঁকে ৪০ হাজার ডলারে দলে নিয়েছে ভারতীয় ধন কুবের মুকেশ আম্বানির মালিকানাধীন দল এমআই এমিরেটস। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। বিশ্বজুড়ে সব টি-টোয়েন্টি লিগে খেললেও, এবারই আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে সাকিবের।

অন্যদিকে, দেশের গতিময় পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। এই পেসারের দর উঠেছে ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকার কাছাকাছি। বিসিবি অনুমতি দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে দেখা যাবে তাসকিনকে।

এদিকে, মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে দুবাই ক্যাপিটালসের হয়ে। এই দলের মালিকানাও আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির।আইএল টি-টোয়েন্টিতে এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হলো। নিলাম থেকে প্রতিটি দল ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে এবং প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি মোট ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করার সুযোগ পেয়েছে।

তবে নিলামে কিছু বড় নাম অবিক্রিত থেকেছে। সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়, ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি। ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ছিল তাঁর ভিত্তিমূল্য। এছাড়া পাকিস্তানের সাইম আইয়ুব, মোহাম্মদ আমির, ইংলিশ তারকা জেসন রয় এবং দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাও দল পাননি।

এই তিন ক্রিকেটারের উপস্থিতি নিঃসন্দেহে আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের সমর্থকদের আগ্রহ অনেক বাড়িয়ে দেবে।