সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ১০:১১ এএম

নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ

ছবি - সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ পাওয়াটা ছিল বেশ উত্তেজনাপূর্ণ। একসময় পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে নিগার সুলতানার দল প্রায় বাদই পড়ে যাচ্ছিল। কিন্তু পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায়, শেষ মুহূর্তে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। সেই পাকিস্তানকে দিয়েই আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।এখানে একটা জিনিস মনে করিয়ে দেওয়া যাক: সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে এই পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশ তাদের ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেক জয় পেয়েছিল। সেই জয় বাংলাদেশকে নেট রান রেটের হিসাবে পাকিস্তানকে টপকে সপ্তমে থাকতে সাহায্য করেছিল।

পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের ছাড় দিতে রাজি নন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জয়ের লক্ষ্যেই যে তাঁর দল মাঠে নামবে, সেটা তিনি সাফ জানিয়ে দিয়েছেন।তিনি বলেন, "মাঠে যখন নামি ফাতিমা সানাকে (পাক অধিনায়ক) আমি চিনি না। কারণ, সে তো আমাকে আউট করার চেষ্টা করবে। যখনই আমি তার বিপক্ষে মাঠে নামি তাকে আমি বন্ধু হিসেবে দেখি না, দেখি প্রতিপক্ষ হিসেবে।" এই মন্তব্যই বলে দিচ্ছে, পাকিস্তানের বিপক্ষে তাদের মানসিকতা কতটা দৃঢ়।

র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ এক ধাপ এগিয়ে থাকলেও, মুখোমুখি লড়াইয়ে আবার ৮-৭ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। তবে এবার নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ পর্ব শুরু করতে মরিয়া বাংলার মেয়েরা।