রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১০:৪৫ এএম

কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ে

ছবি - সংগৃহীত

হারারে স্পোর্টস ক্লাবের গ্যালারি আজ আনন্দে ভেসে গেল। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে অনায়াসে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। নিতীশ হিরানির বলে রায়ান বার্লের শট জয়ের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মাতোয়ারা হয় পুরো দল।

এই দারুণ জয়ের মাধ্যমে ১৭তম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো সিকান্দার রাজার নেতৃত্বাধীন আফ্রিকার দেশটি।প্রথমে ব্যাটিং করে কেনিয়া ৬ উইকেটে করেছিল ১২২ রান। এই লক্ষ্য তাড়া করতে জিম্বাবুয়েকে খুব বেশি কষ্ট করতে হয়নি। মাত্র ১৫ ওভারে ৭ উইকেট ও ৩০ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে তারা।

জিম্বাবুয়ের এই জয়ে সবচেয়ে বড় অবদান ওপেনারদের। বেনেট ৫১ রান করে দলের জয়ের ভিত তৈরি করে দেন। অন্যদিকে মারুমানি ৩৯ রান করে তাঁকে দারুণ সঙ্গ দেন। শেষদিকে রায়ান বার্লের অপরাজিত ১৬ রান জয় নিশ্চিত করে। কেনিয়ার হয়ে বিরাজ ২ উইকেট শিকার করেন।

এর আগে কেনিয়ার ইনিংস থামানোর মূল কাজটি করেছিলেন বোলাররা। কেনিয়ার হয়ে একমাত্র রাকেপ ৬৫ রানের এক দারুণ ইনিংস খেলেন, কিন্তু বাকিরা তেমন রান তুলতে পারেননি। জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ২ উইকেট এবং ইভান্স ও মাপোসা ১টি করে উইকেট নেন।

একই মাঠে আজ প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে নামিবিয়া। ফলে আফ্রিকা অঞ্চল থেকে জিম্বাবুয়ে এবং নামিবিয়া—এই দুই দলই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল। টুর্নামেন্টের বাকি তিন দল আসবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাই পেরিয়ে।

আগামী শনিবার আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের ফাইনালে এখন মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।

কেনিয়া: ২০ ওভারে ১২২/৬ (রাকেপ ৬৫, শচীন ১৯, যশরাজ ১৩*; মুজারাবানি ২/১৯)।

জিম্বাবুয়ে: ১৫ ওভারে ১২৩/৩ (বেনেট ৫১, মারুমানি ৩৯, বার্ল ১৬*; বিরাজ ২/২৯)।

 জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী।