বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে তিন চমক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৯:১১ পিএম

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে তিন চমক

ছবি - সংগৃহীত

আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি ঘোষিত ২৮ সদস্যের এই দলে অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে যেমন অভিজ্ঞরা রয়েছেন, তেমনি ভবিষ্যতের কথা মাথায় রেখে সুযোগ দেওয়া হয়েছে তিনজন নতুন মুখকে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

যুক্তরাষ্ট্রের মাটিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোকে সামনে রেখে ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মরেনো, রিভার প্লেটের ডিফেন্ডার লাওতারো রিভেরো এবং রেসিং ক্লাবের গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। কোচ স্কালোনি এই তিন তরুণ ফুটবলারকে পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন।

দলে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের প্রত্যাবর্তন। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি আবারও জাতীয় দলের আকাশি-সাদা জার্সিতে ফিরছেন। এছাড়া, দীর্ঘ সময় পর দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। তিনি সর্বশেষ ২০২২ সালের জুন মাসে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন।

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল। ঘোষিত দলে এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং লাওতারো মার্তিনেজের মতো তারকারাও রয়েছেন।