সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা, কেমন আছেন তিনি?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১২:১৪ পিএম

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা, কেমন আছেন তিনি?

ছবি - সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলে নেমে এসেছে বিষাদের ছায়া। দেশটির জাতীয় দলের সাবেক মিডফিল্ডার ও ক্লাব ফুটবলের উজ্জ্বল নক্ষত্র এভারটন রিবেইরো জানিয়েছেন, তিনি থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। সোমবার এক সফল অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এই দুঃসংবাদটি প্রকাশ করেন।

৩৬ বছর বয়সী রিবেইরো বর্তমানে ব্রাজিলের বাহিয়া ক্লাবের অধিনায়ক। ইনস্টাগ্রামে স্ত্রী-সন্তানদের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “বন্ধুরা, প্রায় এক মাস আগে আমার থাইরয়েড ক্যানসার ধরা পড়ে। আজ অস্ত্রোপচার শেষ হয়েছে এবং সৃষ্টিকর্তার কৃপায় সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে।” ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “আমার পরিবার, বন্ধু এবং তোমাদের সবার প্রার্থনা ও ভালোবাসাই এই লড়াইয়ে আমার সবচেয়ে বড় শক্তি। আমি নিশ্চিত, আমরা একসঙ্গে এই যুদ্ধেও জিতব।”

আশ্চর্যজনকভাবে, ক্যানসার ধরা পড়ার পরও এবং অস্ত্রোপচারের ঠিক আগের দিনও তিনি মাঠে নেমেছিলেন। রোববার তার বর্তমান দল বাহিয়ার হয়ে সাবেক ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে একটি ম্যাচে দুর্দান্ত খেলেন তিনি।

এভারটন রিবেইরো ফ্লামেঙ্গোর একজন কিংবদন্তি খেলোয়াড় হিসেবে পরিচিত, যার নেতৃত্বে ক্লাবটি ২০১৯ ও ২০২২ সালে দুটি কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতে। তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলেরও সদস্য ছিলেন। তার এই অসুস্থতার খবরে ব্রাজিলসহ পুরো ফুটবল বিশ্ব তার দ্রুত আরোগ্য কামনা করছে।