সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএলে কেন তারকারা আসেন না? যা বললেন ফারুক আহমেদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১১:৫৭ এএম

বিপিএলে কেন তারকারা আসেন না? যা বললেন ফারুক আহমেদ

ছবি - সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জৌলুস দিন দিন কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে মানসম্পন্ন বিদেশি তারকা ক্রিকেটারের অভাবকে দায়ী করা হয়। কেন দেশের সবচেয়ে বড় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি এখন আর বিশ্বের শীর্ষ তারকাদের আকর্ষণ করতে পারছে না, তার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সহ-সভাপতি ফারুক আহমেদ।

ফারুক আহমেদ মনে করেন, এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগের সঙ্গে বিপিএলের সূচির সরাসরি সংঘর্ষ। তিনি বলেন, “বিদেশি ক্রিকেটারের ব্যাপারে বলতেই হয়, বিসিবি চেষ্টা করছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হবে যদি আইএল টি-টোয়েন্টির সঙ্গে সূচির ক্ল্যাশ (সংঘর্ষ) হয়। তাদের প্রতিটি দলে ৯ জন বিদেশি খেলোয়াড় খেলে। ওই লিগের সঙ্গে যদি ক্ল্যাশ না হয়, তাহলেই আমরা বেশি বিদেশি খেলোয়াড় পাব।”

আসন্ন আসরে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার জন্য সহজে ছাড়পত্র (এনওসি) দিতে চায় না। এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, “পাকিস্তানিরা আমাদের এখানে সবসময় ভালো খেলে। তবে আশা করি, আইএল টি-টোয়েন্টির সঙ্গে সংঘর্ষ না হলে অন্য দেশের খেলোয়াড়রা হয়তো সেই শূন্যতা পূরণ করতে পারবে।”

তার এই বক্তব্যে স্পষ্ট যে, যতক্ষণ পর্যন্ত বিপিএলের জন্য একটি আলাদা ও ফাঁকা সময়সূচি তৈরি করা না যাবে, ততক্ষণ বিশ্বের শীর্ষ তারকাদের এই টুর্নামেন্টে পাওয়াটা কঠিনই থেকে যাবে।